
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করেছে ৬৪ বিজিবি। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবনিয়া ডাম্পার রোডের রুবেলের কাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন টেকনাফ উপজেলার কাটাখালী গ্রামের সৈয়দ আকবরের ছেলে জোনায়েত (১৮) এবং ইউনুসের ছেলে মিজানুর রহমান (১৮)।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, টহল পরিচালনার সময় সীমান্তবর্তী বেড়িবাঁধ দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির সদস্যদের সন্দেহ হয়। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা রুবেলের ঘেরের পানিতে ইয়াবা পুঁতে রেখে দ্রুত মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল তাদের ঘেরাও করে আটক করে।
পরে আটক ব্যক্তিদের নিয়ে ঘেরের পানিতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুটি কার্টন থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।